ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টেলি-কনফারেন্সে খালেদা জিয়ার তীব্র সমালোচনামুলক বক্তব্যের কারণে সংস্কারপন্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলেও আবার দৃশ্যত সুর নরম করেছেন তারা। সংস্কারপন্থীরা এখন বলছেন, তাদের দেওয়া সংস্কার প্রস্তাব 'চূড়ান্ত' নয়। বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতেই তারা ওই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। কাউন্সিল অধিবেশনেই দলের গঠনতন্ত্র সংশোধনে সংস্কার প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর সংস্কারপন্থীদের অন্যতম দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
আশরাফ হোসেন বলেন, "দলের চেয়ারপারসনের অনুমতি নিয়েই আমরা কাউন্সিল অধিবেশন করার সিদ্ধান্তে অবিচল আছি। তিনি যদি অনুমতি না দেন সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেব।"
টেলি-কনফারেন্সে চেয়ারপারসনের বক্তব্য সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "গণমাধ্যমের মাধ্যমে আমরা এ সংবাদ জেনেছি। কোন প্রেক্ষিতে, কেন চেয়ারপারসন কথাগুলো বলেছেন তা আমরা জানি না। আশা করি আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে ঘরোয়া রাজনীতি চালু হলে তার অবসান হবে এবং বিএনপিকে আরও শক্তিশালী করতে আমরা একযোগে কাজ করতে পারবো।"
এর আগে সোমবার চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান সাংবাদিকদের কাছে টেলি কনফারেন্সে দলের চেয়ারপারসনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন।
জেড এ খান সেদিন খালেদা জিয়ার অবস্থাকে খড়কুটো ধরে বেঁচে থাকতে চাওয়া ডুবন্ত মানুষের সঙ্গে তুলনা করেন।
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রবাসী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে টেলি-কনফারেন্সে খালেদা জিয়া সংস্কারপন্থীদের "বেইমান ও ষড়যন্ত্রকারী" অভিহিত করে বলেন তারা দল ভাঙতে চায়।
আশরাফ হোসেন একই সঙ্গে দলের কাউন্সিল অনুষ্ঠানে তাদের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, "গত কয়েক বছরে দলের সাংগঠনিক পর্যায়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এগুলো দূর করছি। আমরা চাই দলের সঠিক প্রতিনিধিত্বশীল একটি কাউন্সিল অনুষ্ঠিত হোক।"
তিনি জানান, মহাসচিবের সঙ্গে দলের জেলা এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা যোগাযোগ করছেন।
যুগ্ম মহাসচিব আরও বলেন, "আমরা যে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে চাই তা কাউন্সিলের মাধ্যমেই করা হবে। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমরা সংস্কার প্রস্তাব করিনি বরং দলের ভেতর গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি করতেই মহাসচিব এই খসড়া প্রস্তাব দিয়েছেন। এটি কোনো চূড়ান্ত কিছু নয়, আরও অনেক প্রস্তাব আসবে। সবগুলোর বিবেচনা হবে কাউন্সিলে।"
আশরাফ হোসেন বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে দলে দ্বিমত থাকতে পারে। এর অর্থ এই নয় যে, এতে দলের ঐক্য নষ্ট হবে।
ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল থেকে মহাসচিবের সঙ্গে বিভিন্ন জেলার নেতারা সাক্ষাৎ করেন । এদিন আসা নেতারা ছিলেন বগুড়া, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও পঞ্চগড়ের জেলার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/এসকে ১৫৪০ ঘ.
bdnews24