২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জের পৌর চেয়ারম্যান হেলিমের বিরুদ্ধে আরও একটি মামলা

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবীর হেলিমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। সোমবার রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন পৌর এলাকার জালমাছমারি গ্রামের সাব্বির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবীর হেলিমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। সোমবার রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন পৌর এলাকার জালমাছমারি গ্রামের সাব্বির আহমেদ। মামলাটি দুর্নীতি দমন আইনে নথিভুক্ত করা হয়েছে জানিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেলিন আলমগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন কমিশনই তদন্ত করে এ মামলার অভিযোগ গঠন করবে। এ সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ দুর্নীতি দমন কমিশনের সহকারী উপপরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সুপারের মাধ্যমে কমিশনের কার্যালয়ে মামলার কাগজপত্র এলে তা অনুমোদনের জন্য ঢাকা কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসার পর তদন্ত শুরু করা যাবে। এ নিয়ে হেলিমের বিরুদ্ধে তিনটি মামলা হলো। গত ১৩ জুন গ্রেপ্তার হয়ে এ পৌর চেয়ারম্যান এখন কারাগারে রয়েছেন। হেলিমের বিরুদ্ধে পশুরহাট ইজারা, সাংসদকে সংবর্ধনা, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ করা হয় সোমবার দায়ের করা মামলার এজাহারে। এছাড়া কানসাট আন্দোলনের সময় পৌর চেয়ারম্যান আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আক্রমণ করে কয়েকজন লোককে হত্যা করেন বলেও বাদী উল্লেখ করেন। যথাসময়ে মামলা করার উদ্যোগ নিয়ে জোট সরকারের ক্ষমতার দাপটে, বিশেষ করে তৎকালীন সংসদ সদস্য শাহজাহান মিয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে মামলা করা সম্ভব হয়নি বলে বাদী এজাহারে উল্লেখ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১২ ঘ.