ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী।
মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে তপন চৌধুরী বলেন, সোমবার পর্যন্ত দেশের ২৬টি জেলা বন্যা উপদ্রুত হলেও মঙ্গলবারের মধ্যেই সাতটি জেলায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ১৭টি জেলায় এখন পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
তপন চৌধুরী বলেন, সরকার বন্যা-উপদ্রুত এলাকাসহ বিভিন্ন জেলায় পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, "সরকারের বর্তমানে যে প্রস্তুতি রয়েছে তা বন্যা মোকাবেলা করার জন্য যথেষ্ট।"
এজন্য সরকার সাধারণ ত্রাণ বাবদ ২ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকা ও ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য এক কোটি ১৯ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ করেছে । এ সমস্ত এলাকায় ৬ হাজার ৭২৮ মেট্রিক টন খাদ্য সামগ্রীও বরাদ্দ করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
প্রতি জেলায় প্রাথমিকভাবে ৫০ টন করে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ মজুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা ।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য প্রতি জেলায় সরকারি কর্মকর্তা, যৌথবাহিনী ও এনজিও প্রতিনিধিদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে এবার প্রচুর বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই সেখান থেকে নেমে আসা পানি বন্যার সৃষ্টি করেছে।
বন্যার কারণে যাতে দ্রব্যমূল্য বাড়তে না পারে এ কারণে রমজানের আগেই সরকার ওএমএস পদ্ধতিতে পণ্য বিক্রি করবে বলে জানান তপন চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/ ১৮২৮ঘ.
bdnews24