ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিজয় সরণীর র্যাংগস ভবন নিয়ে সুপ্রিম কোর্টে সরকারের আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ শুরু করে। বুধবারও শুনানি চলবে।
র্যাংগস ভবন কর্তৃপক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক শুনানির বিরোধিতা করে বলেন, দেশে জরুরি অবস্থা চলছে। মামলাটির সঙ্গে মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত। তাই এখন এ আবেদনের শুনানি হতে পারে না।
অন্যদিকে, সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, অবৈধভাবে র্যাংগস ভবনের নকশা প্রণয়ন, রাজউকের নোটিশ উপেক্ষা করে ইমারত নির্মাণ করা এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বিষয়েই সরকার আপিল করেছে।
আদালতকে তিনি জানান, ১৯৮৯ সালে র্যাংগস ভবন নির্মাণের জন্য ১০ তলার একটি নকশা রাজউকের অনুমোদনের জন্য পেশ করা হয়। ১৯৯১ সালেও এই নকশা অনুমোদন করা হয়নি। কিন্তু অনুমোদন ছাড়াই র্যাংগস ভবন নির্মাণ কাজ চালিয়ে যায়।
পরে রাজউক ৬ তলা পর্যন্ত ভবন নির্মাণের নকশা অনুমোদন করে। কিন্তু ১৯৯৩ সালের ১৮ ফেব্র"য়ারি ২২ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য রাজউকে জমা দেয় কর্তৃপক্ষ। ১৯৯৮ সালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানের উড্ডয়নের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে র্যাংগস ভবনকে চিঠি দেয়। তাতে বলা হয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া পুরোন বিমানবন্দর এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করা যাবে না।
কিন্তু এ চিঠি পাওয়ার সময় ২০ তলা পর্যন্ত নির্মাণ শেষ হয়ে গেছে। রাজউকের নোটিশ উপেক্ষা করে র্যাংগস এ ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখে। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের ঘটনা বিস্ময়কর।
১৯৯১ সালের ২১ জুন রাজউক র্যাংগস ভবনের নকশা বাতিল করে এর বৈধতা নিয়ে ওই মাসেই হাইকোর্টে রিট দায়ের করে। এরপর ২০০০ সালের ২ মে হাইকোর্ট রাজউকের এই নকশা বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে সুপ্রিমকোর্ট ২০০৫ সালের ৫ ডিসেম্বর লিভ মঞ্জুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/১৬৪২ ঘ.
bdnews24