ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রধান উপদেষ্টার নির্দেশে সোমবার রাত থেকে বিশেষ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ দমনের জন্য বিশেষ এ অভিযানে অংশ নিচ্ছে র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে প্রধান উপদেষ্টার দেয়া নির্দেশের পরপরই এ বিশেষ অভিযান শুরু হয়। বাড়ানো হয় গোয়েন্দা তৎপরতা।
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আগে থেকেই বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। গতকালের বৈঠকের পর থেকে বিশেষ অভিযানসহ গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানো হয়েছে।"
হাসান মাহমুদ খন্দকার বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী খুন হওয়ার পর থেকেই তৎপরতা বেড়েছে। তাই হত্যাকারীকে গ্রেপ্তার করাও সম্ভব হয়েছে।
সোমবার রাত থেকে এই বিশেষ অভিযান শুরু করার খবর নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র।
বিশেষ অভিযানের আওতায় অপরাধী গ্রেপ্তারসহ বাস টার্মিনাল, রেল ষ্টেশন, ফেরীঘাট এবং জনসমাগম বেশী হয় এমন অন্যান্য স্থানগুলোতে সাদা পোশাকের পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকার প্রবেশ মুখগুলোতে পাহারা জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তির দেহ ও মালামাল তল্লাশি করা হচ্ছে।
গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
স
bdnews24