ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বছরজুড়ে সারাদেশে অনুষ্ঠিত হবে বিভিন্ন স্থানীয় নির্বাচন। এলাকা ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করে রোডম্যাপ অনুযায়ী এসব নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মুহাম্মাদ হুমায়ুন কবির।
সোমবার বিকালে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সচিব বলেন, "ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ হলে খসড়া তালিকা প্রকাশ করে সংশোধনের পর তা চূড়ান্ত করা হবে। রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হবে।"
আলাদাভাবে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোর আয়োজন করতে গেলে খরচ বেশি হবে কি না জানতে চাইলে সচিব বলেন, এতে একই খরচ হবে। আগেও স্থানীয় সরকার নির্বাচনগুলো আলাদাভাবেই হয়েছে।
সারাদেশে তথ্য সংগ্রাহ, সুপারভাইজার ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, যোগ্যতা যাচাইয়ের জন্য তাদের একটি পরীক্ষা নেওয়া হবে। তারপর আগের নিয়মেই তাদের নিয়োগ দেওয়া হবে।
সরকার এরই মধ্যে ১৯৮২ সালের ভোটার তালিকা অধ্যাদেশ সংশোধন করে তাতে ডিজিটাল পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/২০১৭ ঘ.
bdnews24