ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের ভাই ঢাকার ওয়ার্ড কমিশনার মির্জা একরামুল হোসেন ওরফে মির্জা খোকন সোমবার তাদের সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেন।
হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মির্জা খোকনের পক্ষে অ্যাডভোকেট শেখ কামরুল হাসান কমিশনে সম্পত্তির হিসাব জমা দেন। কমিশন সচিব মোখলেস উর রহমান ওই হিসাব বিবরণী গ্রহণ করেন।
মোখলেস উর রহমান জানান, এর আগে বিভিন্ন কারণে ওই দুইজনের হিসাব জমা নেওয়া হয়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর পর সোমবার তাদের হিসাব জমা নেওয়া হয়।
হাবিবুল ইসলাম হাবিবের বিবরণীতে তার নামে ঢাকার বনানীতে ৫ কাঠা জমির ওপর একটি বাড়ি, ডেমরা ও নারায়ণগঞ্জে সাড়ে ১৬ শতাংশ জমি ও সাতক্ষীরায় প্রায় ১১৫ কাঠা জমি থাকার কথা উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন ব্যাংকে তার সঞ্চিত টাকার পরিমাণ ৩০ লাখ ২ হাজার টাকা। হাতে নগদ রয়েছে ১ লাখ ১০ হাজার টাকা এবং স্ত্রী সাহানারা পারভীনকে দিয়েছেন ১৫ লাখ টাকা।
হাবিবের নিজের নামে দুটি গাড়ি ও ১০ ভরি সোনার গহনা রয়েছে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
তার স্ত্রী সাহানারা পারভীনের নামে ঢাকার ধানমণ্ডিতে একটি ফ্ল্যাট, সাতক্ষীরায় ১৬৩ কাঠা জমি, একটি গাড়ি, একটি ট্রাক, ১০ ভরি সোনার গহনা, ২০ হাজার টাকা স্থায়ী আমানত এবং নগদ ৪০ হাজার টাকা রয়েছে।
এদিকে মির্জা খোকনের সম্পত্তির বিবরণীতে বলা হয়েছে, তার নামে মতিঝিলে ৬ দশমিক ৮০ শতাংশ, খিলগাঁওয়ে ২ দশমিক ৬৫ শতাংশ, বনানীতে ৫ কাঠা, গোড়ানে সোয়া ৩ কাঠা ও কিশোরগঞ্জে ১৩৩ শতাংশ জমি রয়েছে। এছাড়া ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও শাহজাহানপুর মসজিদ মার্কেটে একটি করে দোকান রয়েছে।
মির্জা খোকনের নামে চারটি ব্যাংক হিসাবে ২৫ লাখ টাকা এবং ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার রয়েছে। এছাড়া একটি গাড়ি ও একটি পিস্তলের মালিক তিনি।
তার স্ত্রী মাসুদা একরামের নামে রয়েছে ১৩ লাখ টাকার সোনার গহনা, একটি গাড়ি এবং চারটি ব্যাংক হিসাবে তিন লাখ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯১০ ঘ.
bdnews24