ঢাকা,জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির কাউন্সিল অধিবেশন খুব তাড়াতাড়ি হচ্ছেনা বলে জানিয়েছেন দলের যুগ্মমহাসচিব আশরাফ হোসেন ।
রোববার দুপুরে গুলশানে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, ''বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এর কাউন্সিল অনুষ্ঠানের বিষয়টি বড় ব্যাপার। হুট করে এটা হবে না। কাউন্সিলের সময় এখনো স্থির করা হয়নি।''
তবে তিনি জানান, কাউন্সিলের দিনক্ষণ ঠিক না হলেও তৃণমূল পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের চেয়ারপার্সন টেলি-কনফারেন্সে কী বলেছেন, তা আমরা জানি না। এটি তার ব্যক্তিগত বক্তব্য। বিষয়টিকে আমরা আমলে নিচ্ছি না। দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরা সংস্কারের জন্য কাউন্সিল অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি।
বিএনপির যুগ্মমহাসচিব আরো বলেন,দলের নেতা-কর্মীরা সংস্কার চায়। এর সঙ্গে দলের চেয়ারপার্সনেরও ভিন্নমত নেই। আমরা যা কিছই করছি, দলের গঠনতন্ত্রের ভেতরে থেকেই করছি। কেউ যদি বলে থাকেন, গঠনতন্ত্রের বাইরে আমরা, তা সঠিক নয়।
রোববার মান্নান ভূঁইয়ার সঙ্গে পটুয়াখালী, দিনাজপুর,নরসিংদী, সিলেটের সাবেক কয়েকজন সাংসদ ও জেলা নেতারা দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৭৪০ ঘ.
bdnews24