২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে হাসিনার অসুবিধার খবর মিথ্যা : উপ কারা মহাপরিদর্শক

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর বরাত দিয়ে শনিবার জাতীয় পত্রিকাগুলোতে বিশেষ কারাগারে শেখ হাসিনার সমস্যা নিয়ে যেসব প্রতিবেদন ছাপা হয়েছে তাকে "মিথ্যা ও ভিত্তিহীন" বলে আখ্যায়িত করেছেন উপ-কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী। তিনি বলেছেন, "জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য" গণমাধ্যমে এসব তথ্য প্রচার করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় কারাগারের ভেতরে তার কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কারা মহাপরিদর্শক এ কথা বলেন। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে শেখ হাসিনার খাটটি ভাঙা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 05:26 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর বরাত দিয়ে শনিবার জাতীয় পত্রিকাগুলোতে বিশেষ কারাগারে শেখ হাসিনার সমস্যা নিয়ে যেসব প্রতিবেদন ছাপা হয়েছে তাকে "মিথ্যা ও ভিত্তিহীন" বলে আখ্যায়িত করেছেন উপ-কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী। তিনি বলেছেন, "জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য" গণমাধ্যমে এসব তথ্য প্রচার করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় কারাগারের ভেতরে তার কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কারা মহাপরিদর্শক এ কথা বলেন। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে শেখ হাসিনার খাটটি ভাঙা। অথচ তাকে ১৩ হাজার টাকা দামের নতুন খাট দেওয়া হয়েছে। এখানে শেখ হাসিনাকে তাড়াহুড়া করে ওঠানো হয়েছিল। তাই প্রথম রাতে তিনি এর আগে এ বাসায় অবস্থানকারী একজন হুইপের ব্যবহৃত খাটে ছিলেন। খাটের পাটাতন একটু সরে গিয়েছিল যা তাৎক্ষণিকভাবে ঠিক করে দেওয়া হয়েছে। মেজর সিদ্দিকী বলেন, তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সচল আছে। ফ্রিজও যথেষ্ট ভাল আছে। এ দুটি নষ্ট থাকার যে খবর বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তা মিথ্যা। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এগুলোতে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা এখানে আসার আগেই সব সারিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঠাণ্ডা-গরম পানির সুবিধাসহ আধুনিক বাথরুম বলতে যা বোঝায় তার সব সুবিধাই এ বিশেষ কারাগারে রয়েছে। উপ-কারা মহাপরিদর্শক বলেন, সোফাসেট গুলো যথেষ্ট ভাল। শেখ হাসিনা যে কক্ষে রয়েছেন তার বাইরেও দুটি কক্ষ এবং বারান্দায় চলাফেরার সুযোগ রয়েছে। দুই-একদিনের মধ্যেই কারাগারে রান্নার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, কারাবিধি অনুযায়ী সপ্তাহে একদিন স্বজনদের (সর্বোচ্চ পাঁচজন) দেখা করার সুযোগ রয়েছে। শনিবার তাকে আত্মীয়-স্বজনদের মাধ্যমে পাঠানো টিভি দেওয়া হয়েছে। ইতিমধ্যে তা সচল হয়েছে এবং শেখ হাসিনা টিভি দেখছেন। আওয়ামী লীগ নেত্রীকে জেলকোড অনুযায়ী সবরকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বলে মেজর সিদ্দীকি দাবি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে ২৩২২ ঘ.