২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশু অপহরণের চেষ্টার সময় এক ব্যাক্তি গ্রেপ্তার

পাচার করার জন্য চার শিশুকে অপহরণের সময় রাজধানীর তালতলা মাটির মসজিদ এলাকা থেকে শুক্রবার বিকেলে আবুল শিকদার (৩৮) নামের এক শিশু পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল শিকদার ওই এলাকা থেকে রোজিনা (৭), আকাশ (৭), আইরিন (৯) ও তাসলিমা (১০) নামের ৪ শিশুকে অপহরণ করার চেষ্টা করছিল। স্থানীয় লোকজনের সহায়তায় র‌্যাবের টহল দল তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাচার করার জন্য চার শিশুকে অপহরণের সময় রাজধানীর তালতলা মাটির মসজিদ এলাকা থেকে শুক্রবার বিকেলে আবুল শিকদার (৩৮) নামের এক শিশু পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল শিকদার ওই এলাকা থেকে রোজিনা (৭), আকাশ (৭), আইরিন (৯) ও তাসলিমা (১০) নামের ৪ শিশুকে অপহরণ করার চেষ্টা করছিল। স্থানীয় লোকজনের সহায়তায় র‌্যাবের টহল দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৩ কার্যালয়ে আবুল শিকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ বছর ধরে সে শিশু পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। অপহৃত শিশুদের সে কাউয়ুম ও মোবারক নামের দুই ব্যাক্তির কাছে তুলে দিত। প্রত্যেক শিশুকে অপহরণের জন্য সে ৫০ হাজার টাকা করে পেয়ে থাকে। গত ৫ বছরে অন্তত ৫০টি শিশুকে সে অপহরণ করে কাউয়ুম ও মোবারকের হাতে তুলে দিয়েছে। এভাবে পাওয়া অর্থ দিয়ে সে কাঁচপুরে ৪ কাঠা জমি কিনেছে। পেশায় রিক্সাচালক শিকদারের গ্রামের বাড়ি বরিশালের পাথারহাট থানার চুনারচর গ্রামে। তার দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঢাকায় সে খিলগাঁও তালতলা এলাকায় জিন্নাত মেম্বারের বাড়িতে ভাড়া থাকে। অপহরণকারী আবুল শিকদারে হাত থেকে রক্ষা পাওয়া তাসলিমার মা সুফিয়া বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তালতলা মাটির মসজিদ এলাকার বেগবাড়ী বস্তিতে থাকেন। আবুল শিকদার গত মঙ্গলবার তাসলিমাসহ ৪ শিশুকে খেলনা দেওয়ার নাম করে ফুসলিয়ে পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। কিন্তু স্থানীয় এক মহিলা তাদের দেখে ফেলায় সেদিন তার উদ্দেশ্য হাসিল হয়নি। শুক্রবার বিকালে আবারো সে ওই ৪ শিশুকে অপহরণের চেষ্টা করে। কিন্তু এলাকার লোকজন বুঝতে পেরে তাকে ধরে র‌্যাবের হাতে তুলে দেয়। সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু পাচারকরী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজন্য আবুল শিকদারকে নিয়ে শুক্রবার রাতে কয়েক দফা অভিযানও চালানো হয়েছে। অন্য শিশুগুলোর অভিভাবকদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১৪২ ঘ.