রাজশাহী, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদের অনিয়মের অন্ত নেই। নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ, ভুয়া ভাউচার দেখিয়ে টাকা উত্তোলন, টিউশন ফি, উপবৃত্তি ও ঋণ নিয়ে টাকা আত্মসাতের বহু অভিযোগ তার বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত হলে তার সত্যতাও মিলেছে।
কলেজের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার জাহানের তদন্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের অডিট কমিটির প্রতিবেদনে এ সব অভিযোগের সত্যতা মিললেও বিএনপি-জামায়াত জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের আস্থাভাজন হওয়ায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যক্ষ রশিদের বিরুদ্ধে আনা সব অভিযোগই সত্য। আইনগত জটিলতা থাকার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জন শিক্ষককে সদস্য রেখে নতুন একটি তদন্ত কমিটি করে এ বিষয়ে কী কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইউএনও জানান।
তিনি বলেন, এ ক্ষেত্রে আইনগত সমস্যা হলে অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে।
প্রায় এক বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অডিট করলে তার বিরুদ্ধে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে চাকরি, নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ, কলেজের নামে ঋণ দেখিয়ে ৭ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ধরা পড়ে।
কিন্তু তৎকালীন মন্ত্রীর প্রভাব খাটিয়ে এ সব অভিযোগ ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
২০০৫ সালের ৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোশতাক আহমেদ ভূঁইয়া ও অডিট অফিসার আজিজুল হাসান খান কলেজ পরিদর্শনে এলে ঋণ গ্রহণে প্রতারণার ঘটনা ফাঁস হয়ে যায়।
অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলেজের উন্নয়নের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৯৯৫ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ঋণ নেওয়া হয়েছিল ৭ লাখ ৮৫ হাজার টাকা। যার খরচের হিসাব পাওয়া যায়নি।
অডিট প্রতিবেদনে অধ্যক্ষ ২০০৫ হতে ২০০৬ পর্যন্ত কলেজের সরকারি বরাদ্দের ৯ লাখ ৭০ হাজার ৭৯৯ টাকাও আত্মসাত করেন বলেও উল্লেখ করা হয়।
অধ্যক্ষ আব্দুর রশিদ ১৯৯৫ সালের অক্টোবর থেকে ১৯৯৬ এর সেপ্টেম্বর পর্যন্ত মহিলা কলেজের পাশাপাশি একই উপজেলার প্রেমতলী ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে বেতনের সরকারি অর্থ নেন বলে অডিট প্রতিবেদনে বলা হয়।
গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আবদুর রশিদ অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। বিএনপি সরকারের সময়ে প্রতিষ্ঠিত কলেজটি সাবেক ডাকমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছত্র-ছায়ায় গড়ে ওঠায় অধ্যক্ষ তার ইচ্ছামতো পরিচালনা কমিটি গঠন করেন। প্রথমে ব্যারিস্টার আমিনুল হককে পরিচালনা কমিটির সভাপতি করা হয়।
স
bdnews24