সিলেট, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিলেটের পেট্রোল পাম্পগুলোতে অকটেন সঙ্কট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন থেকে অকটেন সঙ্কট থাকলেও এ দিন তা তীব্র হয়েছে। যাদের আগের মজুদ এখনও রয়েছে তারা সামান্য পরিমাণে বিক্রি করতে পারছেন।
ডিলাররা জানায়, যমুনা অয়েল কোম্পানি গত ১৪ দিন থেকে তেল সরবরাহ করছে না। পদ্মার সরবরাহ বন্ধ না থাকলেও তা চাহিদার তুলনায় একেবারে কম।
নগরীর জিন্দাবাজারের জালালাবাদ ট্রেডার্সের ক্যাশিয়ার প্রাণকৃষ্ণ দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পে-অর্ডার করলেও ডিপোতে মজুদ না থাকায় তারা অকটেন পাননি। তাই সকাল থেকে অকটেন বিক্রি করতে পারছেন না।
নগরীর মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশন এর ম্যানেজার সুহেল আহমদ জানান, মজুদ না থাকায় বৃহস্পতিবার থেকে অকটেন বিক্রি করতে পারছেন না।
সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মো. মহসিনুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, আমরা প্রায় ১০ দিন থেকে ক্রেতাদের চাহিদার ১০ ভাগও বিক্রি করতে পারছি না। ডিলারদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
তিনি জানান, সমিতির পক্ষ থেকে বারবার যোগাযোগ করলেও তারা এর কোন সুরাহা করছেন না।
সিলেট ও চট্টগ্রামে বেশ কয়েকবার যোগাযোগ করে তাদের সমস্যার কথা তুলে ধরলেও তারা কর্ণপাত করেননি বলে সমিতির সভাপতি অভিযোগ করেন।
মহসিনুর রশীদ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিপো কর্তৃপক্ষের গাফিলতি ও অদূরদর্শিতার জন্য এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এক সপ্তাহ ধরে সরবরাহ না করার বিষয়টি যমুনা অয়েল কোম্পানির সিলেট বিভাগের বিক্রয় কর্মকর্তা সামসুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেন।
তবে শুক্রবার থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি।
সরবরাহ করতে না পারার জন্য সামসুল আলম রেলওয়ের ওয়াগন ও যান্ত্রিক সমস্যার কথা তুলে ধরে বলেন, আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১১৩৩ ঘ.
bdnews24