চট্টগ্রাম, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে সাইলেক্স অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের শেখ মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে যৌথ বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সাইলেক্স অ্যাপারেলসের শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন না পাওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা সাড়ে সাতটার দিকে শেখ মুজিব রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা রাস্তা থেকে চলে যায়।
মিজানুর রহমান জানান, ডবলমুরিং থানা জোনের উর্দ্ধতন কর্মকর্তারা এ বিষয়ে ওই পোশাক কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২০৬ ঘ.
bdnews24