কুমিল্লা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় চৌদ্দগ্রামের সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ডা. তাহেরকে কড়া পুলিশ পাহারায় জেলার তিন নম্বর আমলি আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শামসুল আলম ডা. তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট আতাউল গণি চার দিন রিমান্ডের নির্দেশ দেন।
চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি আদর্শ মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও চিওড়া গ্রামের বাসিন্দা সোহাগ মোর্শেদ চৌধুরী গত ১৭ জুন চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ডা. তাহের, তার ছোট ভাই ইকরামুল হকসহ মোট ১৩ জনকে আসামী করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, পাঁচ লাখ টাকা চাঁদাব দাবিতে সাবেক সাংসদসহ অন্য আসামীরা ২০০৩ সালের ১২ ডিসেম্বর জগন্নাথ দীঘির মাছ ও জাল লুট করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24