২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে মিছিল থেকে ট্যাক্সিক্যাবে অগ্নিসংযোগ

মতিঝিলে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগিয়ে একটি ট্যাক্সিক্যাব পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। তার আগে ওই এলাকায় একটি মিছিল থেকে শেখ হাসিনার মুক্তি দাবি করে স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ স্লোগানের বিষয়টি স্বীকার করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 10:25 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মতিঝিলে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগিয়ে একটি ট্যাক্সিক্যাব পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। তার আগে ওই এলাকায় একটি মিছিল থেকে শেখ হাসিনার মুক্তি দাবি করে স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ স্লোগানের বিষয়টি স্বীকার করেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী কলা বিক্রেতা শামসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "৩০ থেকে ৩৫ জন লোক মিছিল করতে করতে এসে কালো রংয়ের ট্যাক্সিক্যাবটিতে আগুন ধরিয়ে দেয়। তারা শ্লোগান দিচ্ছিল - শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।" আগুন ধরিয়ে দেওয়ার সময় শামসুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং কিছুক্ষন পরে আবার ফিরে আসেন বলে জানান। জিজ্ঞাসাবাদের জন্য ক্যাব চালক শহীদুল ইসলামসহ আটজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। এদের মধ্যে একজনকে দুপুরে ছেড়ে দেওয়া হয়। তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা মিছিলের কোনও খবর পাইনি। তবে অনেকে বলেছে, মিছিল ও স্লোগান হয়েছে। আমাদের মোবাইল টিমও এ ধরণের কোনও খবর দেয়নি। তবে ট্যাক্সিচালক শহীদুল বলেছে, ট্যাক্সিতে অগ্নিসংযোগের আগে আগে 'খুব দ্রত লয়ে' ১০/১২ জন যুবক এক সঙ্গে হেঁটে গেছে। তবে তারা কোনও স্লোগান দিয়েছে বলে সে জানায়নি।" তিনি জানান, বেলা ১২টার মতিঝিলের জীবন বীমা টাওয়ারের সামনে একটি কালো ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্রো প ১৪-২৮৩৫) পুড়িয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়া ট্যাক্সিক্যাবটি পল্টন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্যাব চালককে উদ্ধৃত করে রেজাউল হক বলেন, "তিন জন যুবক গুলশান যাওয়ার কথা বলে ট্যাক্সিটি থামায়। এরপর তারা বোতল থেকে তরল ঢেলে পেছনের সিটে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।" রেজাউল হক বলেন, ওই ১০/১২ জনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মতিঝিল এলাকায় পুলিশ প্রহরা ও নজরদারী বাড়ানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরবি/এসি/১৬১০ ঘ.