২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দুই সাংবাদিক গ্রেপ্তার

প্রতারণা, হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামের দুই সাংবাদিককে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 07:24 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কুড়িগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রতারণা, হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামের দুই সাংবাদিককে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। এরা হলেন উলিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ভোরের কাগজ ও করতোয়ার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান এবং রৌমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্বীপদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এমএ বাসেদ। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার কুড়িগ্রামের পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈয়বুর রহমানকে মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম যৌথবাহিনী ক্যাম্পে ডেকে আনা হয়। ওইদিন গভীর রাতে তাকে উলিপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। ওই রাতেই থেতরাই ইউনিয়নের সাইফুল ইসলাম বাদল ২০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করেন। এমএ বাসেদকে ছিনতাই মামলায় বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয় । অভিযোগে বলা হয়, রৌমারীর গয়টাপাড়া এলাকার রেজাউল করিম ব্যবসায়িক কাজে বুধবার সকালে ঢাকা যাওয়ার পথে 'সিয়াম বাস' কাউন্টারে এলে এমএ বাসেদ, কাইয়ুম আজাদ বাবুল, নুরুল ইসলাম ও মামুন তাকে জোর করে দ্বীপদেশ পত্রিকার কার্যালয়ে নিয়ে যান। তারা রেজাউলের কাছ থেকে এক লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ব্যাপারে রৌমারী থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১১৮ ঘ.