চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলার তিনটি ইউনিয়নে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনায় আনুমানিক নয় লাখ টাকার মালামাল লুট হয়েছে। অন্যদিকে, সাতকানিয়া উপজেলায় দুই ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাটহাজারীর গুমান মর্দন, মির্জাপুর ও ধলই ইউনিউয়নের ছয়টি বাড়িতে ডাকাতরা হামলা করে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে।
গুমান মর্দন ইউনিয়নের মো. লোকমান, কবির আহমদ সওদাগর ও সালেহ আহমেদের বাড়িতে, মির্জাপুর ইউনিয়নের সুজন বড়ুয়ার বাড়িতে এবং ধলই ইউনিয়নের অরুন নাথ ও সুকুমার নাথের বাড়িতে ডাকাতি হয়েছে।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিপ্রা রানী জানান, এ বিষয়ে থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে, সাতকানিয়া উপজেলার মাদার্শা এলাকায় মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের সময় জনতা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হল মো. শাহিন (৩০) ও আনিছুল ইসলাম (২৪)।
গুরুতর আহত অবস্থায় তাদের সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ জানান, মঙ্গলবার রাতে নগরী থেকে আরোহীবেশী দুই ছিনতাইকারী একটি অটোরিকশা করে সাতকানিয়া আসছিল। মাদার্শা এলাকায় পৌঁছলে তারা অটোরিকশা চালক মো. ইউসুফকে গাড়ি থেকে ফেলে দিয়ে যানটি নিয়ে পালানোর চেষ্টা করে। চালকের চিৎকারে এলাকাবাসী এ সময় এগিয়ে এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২৩৫ ঘ,
bdnews24