ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুলশান থানায় দায়ের করা যে চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে তার ৮০ শতাংশ তদন্ত কাজ শেষ হয়েছে। শিগগিরই হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাওয়া হবে।
মামলাটির তদন্তকারী ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ওবায়দুল হক বলেন, "শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হলেই মামলার তদন্তের বাকি কাজ সম্পন্ন হবে। শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই এক দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হবে।"
ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ১৩ জুন গুলশান থানায় শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির এই মামলাটি দায়ের করেন। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এ মামলাতেই গত সোমবার ভোরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম ২০০০ ও ২০০১ সালে বাদির কাছ থেকে কয়েক দফায় মোট ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২০৪৮ ঘ.
bdnews24