ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মগবাজারে ভিকারুন্নিসা কলেজের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে নিহতের মা দাবি করেছেন , তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বুধবার বড় মগবাজারের পেয়ারাবাগের ৫৩৬/১ নম্বর বাসার পাঁচতলায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া নওশীন (১৬) চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাস করেছিল। তার বাবার নাম সুলতান ফারুক।
নিহতের মা শামসুন্নাহার জানান, বুধবার দুপুর ১২ টার দিকে তাকে বাসায় রেখে তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র ছেলে রওনককে (৭) আনতে কাকরাইল যান। কিছুক্ষণের মধ্যে ছেলেকে নিয়ে বাসায় ফিরে তিনি দেখেন, সাদিয়া তার ঘরের মেঝেতে অচেতন হয়ে পড়ে রয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো।
শামসুন্নাহার দ্রুত অচেতন মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাদিয়ার মা তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও কে বা কি কারণে এটা করতে পারে তা তিনি বলতে পারেননি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম দৌলত আকবর বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ মর্গে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/
bdnews24