২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বাস ডাকাতির চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার ১

চালকের বুদ্ধিমত্তায় মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মতিগঞ্জ এলাকায় ঢাকাগামী মৌলভীবাজার সিটি বাস সার্ভিসে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। বাসযাত্রী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার সিটি সার্ভিসের বাসটি ঢাকার উদ্দেশে মৌলভীবাজার ছাড়ে। রাত সোয়া ১টার দিকে বাসটি শ্রীমঙ্গলের মতিগঞ্জ এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছয় ডাকাত চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিতে চালকের বুকে ছুরি ধরে। ওই সময় চালক বুদ্ধিমত্তার সঙ্গে ব্রেক কষে বাসটি থামিয়ে সবগুলো বাতি নিভিয়ে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

মৌলভীবাজার, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চালকের বুদ্ধিমত্তায় মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মতিগঞ্জ এলাকায় ঢাকাগামী মৌলভীবাজার সিটি বাস সার্ভিসে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। বাসযাত্রী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার সিটি সার্ভিসের বাসটি ঢাকার উদ্দেশে মৌলভীবাজার ছাড়ে। রাত সোয়া ১টার দিকে বাসটি শ্রীমঙ্গলের মতিগঞ্জ এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছয় ডাকাত চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিতে চালকের বুকে ছুরি ধরে। ওই সময় চালক বুদ্ধিমত্তার সঙ্গে ব্রেক কষে বাসটি থামিয়ে সবগুলো বাতি নিভিয়ে দেন। বাসচালক হরিপদ দাশ জানান, বাতি নেভানোর পর ইঞ্জিন বন্ধ এবং সিকিউরিটি লক অন করে তিনি ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে পড়েন। ফলে নিয়ন্ত্রণ নিয়েও ডাকাত দল বাসটি চালু করতে ব্যর্থ হয়। বাসের যাত্রী শ্রীমঙ্গলের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, ওই সময় তিনি শ্রীমঙ্গল থানা পুলিশকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। এরই মধ্যে ডাকাতরা অন্ধকারেই দা-ছোরা নিয়ে যাত্রীদের ওপর হামলে পড়ে। এতে ১০ জন আহত হন। বাসযাত্রীদের চিৎকারে আশ-পাশের গ্রামের লোকজন এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে পাওয়ার চেষ্টা করে। এর মধ্যে উপপরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে চলে আসে। গ্রামবাসীরা ধাওয়া করে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে বিলাসছড়া নদীর কূল থেকে জাহাঙ্গীর (৪৫) নামে এক ডাকাতকে ধরে পিটুনী দেয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল জানান, গ্রেপ্তারকৃত ডাকাত জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিম বিঘা গ্রামে। তার বাবার নাম আব্দুল হক। জাহাঙ্গীর পুলিশকে জানায়, ডাকাত দলের চার জন মৌলভীবাজার ও দুই জন শ্রীমঙ্গল থেকে বাসে চড়েন। চার ডাকাতের বাড়ি কুমিল্লা জেলায় বলে সে জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৩ ঘ.