ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে সংরক্ষিত গৌতম বুদ্ধের চুল শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী রোহিতা বোগলাগামার কাছে হস্তান্তর করা হবে বুধবার। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধের চুল হস্তান্তর করবেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই চুল হস্তান্তর উপলক্ষে নন্দনকাননের বৌদ্ধ বিহার সাজানো হয়েছে। বিহারের ভেতরে ও বাইরে করা হয়েছে আলোকসজ্জা। বুধবারের অনুষ্ঠানে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীসহ সেদেশের পাঁচজন মন্ত্রী অংশ নেবেন।
১৯৩০ সালে তিব্বতের শ্রীমৎ শাক্য ভিক্ষু নামের এক পরিব্রাজক এ অঞ্চলের সব বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সে সময় তিনি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের একগুচ্ছ চুল উপহার দিয়ে যান। এরপর থেকে ওই পবিত্র চুল নন্দনকানন বৌদ্ধ বিহারে সংরক্ষণ করা হচ্ছে।
দীর্ঘদিন এ বিষয়টি সর্বসাধারণের অজানা ছিল। ১৯৫৮ সালে শ্রীলংকার মাদামপে সেনানায়েকে আরামায়া ট্রাস্ট এই চুলের কিছু অংশ পাওয়ার জন্য তৎকালীন পাকিস্তান সরকারের কাছে আবেদন করলে বিষয়টি সবার নজরে আসে।
১৯৫৮ সালে মাদামপে সেনানায়েকে আরামায়া ট্রাস্টকে, ১৯৬৪ সালে জাপান সরকারকে এবং ১৯৭৯ সালে থাইল্যান্ড সরকারকে রাষ্ট্রীয় সমঝোতার ভিত্তিতে কিছু চুল উপহার দেওয়া হয়। জাপানে যোমুরিল্যান্ড উদ্যানের মন্দিরে ও ব্যাংককের ধর্মমঙ্গল মহাবিহারে এই চুল সংরক্ষিত আছে।
২০০৩ সালে মাদামপে সেনানায়েকে আরামায়া ট্রাস্ট আবারও বুদ্ধের চুলের কিছু অংশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়। তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সরকার বুধবার চুল হস্তান্তরের ব্যবস্থা নিয়েছে।
অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বুধবার সড়ক পথে চট্টগ্রাম যাবেন। পরে তিনি রাঙামাটিও সফর করবেন।
জেলা প্রশাসন সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি জানান, উপদেষ্টা ইফতেখার আহমদ বুধবার বিকালে রাঙ্গামাটি জেলায় প্রবেশের মুখে রাবার বাগান এলাকায় রাঙামাটি গেইটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি স্থানীয় সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এসএনডি/২০২৯ ঘ.
bdnews24