ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে করা ব্যবসায়ী নূর আলীর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নগদ পাঁচ কোটি টাকা এবং দুটি ফ্ল্যাট চাঁদা হিসেবে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে গত ১৩ জুন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. মিজানুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার আবেদন জানালে শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন মহানগর হাকিম।
তবে তদন্ত কর্মকর্তাকে ১৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের যে আদেশ রোববার দেওয়া হয়েছিল তা বহাল রাখা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জের হরিপুর, চট্টগ্রামের শিকলবাহা ও খুলনায় বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার জন্য বাদীর প্রতিষ্ঠান ইউনিক গ্র"পের কাছে ১৯৯৭ সনের মার্চ মাসে শেখ হাসিনার পক্ষে শেখ হেলাল পাঁচ কোটি টাকা ও দুটি ফ্ল্যাট দাবি করেন। পরে ১৯৯৭ সালের ৮ জুন থেকে ১৯৯৯ সালের ২০ মে তারিখের মধ্যে ১২টি চেকের মাধ্যমে তিন কোটি ২০ লাখ টাকা শেখ হাসিনা দেওয়া হয়। এছাড়া নগদ ১ কোটি ৮০ লাখ টাকা শেখ হেলালের মাধ্যমে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়।
পরে বাদীর মালিকানাধীন বোরাক রিয়েল এস্টেটের গুলশান ও বারিধারা প্রকল্পে দুইটি অত্যাধুনিক ফ্ল্যাটও আসামিদের দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনুমতির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরীর দায়ের করা মামলায় সোমবার শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
তাকে জাতীয় সংসদ ভবন এলাকার একটি ভবনে বিশেষ জেলে রাখা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয় গত ৯ এপ্রিল। এ মামলার বাদী বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/এমএইচবি/১৭১৪ ঘ.
bdnews24