রংপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামে সোমবার দুপুরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে আড়াইশ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে বদরগঞ্জের নয়াপাড়া ও তারাগঞ্জের গাঙলার চর, বেহারা, মাঝপাড়া ও ফরিদাবাদ।
এলাকাবাসী জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘূর্ণিঝড়ে ২৫টি পরিবারের ৬০টির মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এসময় ঘরচাপা পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত হন। এদের মধ্যে মোমেনা বেগম (২৫) ও শিশু খোদেজা বেগমকে স্থানীয় বদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামোদরপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জানান, পাঁচ মিনিট স্থায়ী এই ঝড়ে নয়াপাড়া গ্রামের ৬০টি ঘর বিধ্বস্ত হয়। এছাড়া পার্শ্ববর্তী তারাগঞ্জের সয়ারপাড়া ইউনিয়নের গাঙলার চর, বেহারা, মাঝপাড়া ও ফরিদাবাদ গ্রামের প্রায় একশ পরিবারের দুইশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসব স্থানে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
তারাগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঝড়ে দুই উপজেলায় প্রায় ৩০জনের মতো আহত হয়েছেন। শত শত গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৪৭ ঘ.
bdnews24