ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুই একজনের গ্রেপ্তারে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। শেখ হাসিনার গ্রেপ্তারে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়বে কি না - প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি আরও বলেন, "অর্থনৈতিক নির্দেশকগুলো ঠিক আছে কিনা সেটিই আসল বিষয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে- আমদানি ঠিকমতো হচ্ছে। এলসিও খোলা হচ্ছে। তার মানে সামষ্টিক অর্থনীতির নির্দেশকসমূহ ঠিকই আছে।"
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরিদর্শনের পর উপদেষ্টা অপেক্ষমান সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিপরায়ণ দেশ এবং রাজস্ব আদায়ের পরিমাণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) তুলনায় খুবই কম। এটি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাম্য নয়।"
রাজস্ব কর্মকর্তারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন মন্তব্য করে তিনি এনবিআর কর্মকর্তাদের এই দুর্নাম থেকে মুক্তি পেতে ভূমিকা রাখারও আহ্বান জানান।
মির্জ্জা আজিজুল বলেন, "কোনো দায়সারা কাজ নয়, করদাতাকে কোনো হয়রানিও নয়। নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।"
উপদেষ্টা আরও বলেন, "বর্তমান সরকারের ৮৭ হাজার ১৩৭ কোটি টাকার বাজেট যে উচ্চাভিলাষী নয় তা প্রমাণের অন্যতম দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের।"
এনবিআর-এর কার্যক্রম প্রতিনিয়ত পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে উপদেষ্টা জানান, প্রতি তিনমাস অন্তর তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
বাংলাদেশের কর-জিডিপি অনুপাত সদ্যসমাপ্ত ২০০৬-০৭ অর্থ বছরে ছিল মাত্র ১০ দশমিক ৪ শতাংশ। ২০০৭-০৮ অর্থ বছরের জন্য এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছরে এনবিআরের কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা। উল্লেখ্য, ২০০৬-০৭ অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা ৩৭ হাজার ৪৭৯ কোটি টাকা থেকে ৩৩৭ কোটি টাকা কম আদায় হয়েছে।
এনবিআরের কর্মকর্তাদের মতে, বিভিন্ন মামলা-মোকদ্দমার কারণে ২০০০ কোটি টাকার ওপরে কর অনাদায়ী রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/এসি/এসকে/১৭০০ঘ.
bdnews24