ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংকের মালিকানা সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান এর কাছে হস্তান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
রোববার অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "যুবরাজ বন্দরের কাছে রূপালী ব্যাংকের হস্তান্তরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।"
ব্যাংকের সম্ভাব্য ক্রেতার সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে বেসরকারি কমিশনের বেঁধে দেওয়া ১৫ জুলাইয়ের সময়সীমা শেষ হওয়ার পর উপদেষ্টা একথা বললেন।
বেসরকারি কমিশন ১৫ জুলাই এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য সময়সীমা বেধে দিয়েছিল। এই সময়ের মধ্যে চুক্তি না হলে রূপালী ব্যাংকের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া বাতিল করে জামানত হিসেবে নেওয়া এক লাখ ডলার বাজেয়াপ্ত করার কথাও বলেছিল কমিশন।
তবে উপদেষ্টা দাবি করেছেন, কমিশন জুলাইয়ের মাঝামাঝি সময়ে চুক্তি করার কথা বলেছিল। নির্দিষ্টভাবে ১৫ জুলাইয়ের কথা বলেনি।
এ বিষয়ে পরিষ্কারভাবে আর কিছু বলেননি উপদেষ্টা।
৩৩ কোটি ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের সরকারি মালিকানাধীন ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার দরপত্র বিজয়ী সৌদি যুবরাজ এবছরের ফেব্র"য়ারিতে ব্যাংকের আরও ২৬ শতাংশ শেয়ার ১২ কোটি ৮০ লাখ ডলারে কিনে নিতে সম্মত হন।
কিন্তু সমঝোতার ক্ষেত্রে উভয়ক্ষের নানা ধরনের জটিলতার কারণে হস্তান্তর প্রক্রিয়া পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে।
বহুজাতিক দাতা সংস্থার মতো রূপালী ব্যাংকের সম্ভাব্য ক্রেতাও ব্যাংক কেনার ব্যাপারে নানা শর্ত আরোপ করতে থাকেন। প্রাথমিকভাবে শর্তগুলো ব্যাংকের আর্থিক বিষয় কেন্দ্রীক থাকলেও শেষ পর্যন্ত সেগুলো জটিল হতে থাকে বলে বেসরকারি কমিশনের এক কর্মকর্তা জানান।
এসব অমিমাংসিত বিষয়ের মধ্যে আটকে থাকা ঋণ, স্বেচ্ছা অবসর ও সরকারি প্রতিষ্ঠানগুলোর অনাদায়ী ঋণের প্রসঙ্গও ছিল। পরে ওই ব্যাংকে প্রশিক্ষক ও উপদেষ্টাসহ ৩০০ বিদেশি কর্মকর্তাকে আয়কর রেয়াত সুবিধাসহ নিয়োগের অনুমতি দেওয়ার শর্ত দেন সৌদি যুবরাজ।
এছাড়া একক বিদেশি মালিকানা ও বিশেষজ্ঞ পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করারও দাবি জানান তিনি।
বেসরকারিকরণ কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিভন্ন অমিমাংসিত বিষয় নিয়ে সমঝোতার জন্য আলোচনা করছিলাম কিন্তু হঠাৎ করেই যুবরাজ ও তার প্রতিনিধি আলোচনা বন্ধ করে দেন।"
তিনি বলেন, "আমরা যুবরাজের জন্য ১৫ জুলাই সমসীমা বেধে দিয়েছিলাম। এর মধ্যে সমাধান না হওয়ায় আমাদের বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে।"
বিডিনিউজ টুঢেন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/০০১১ ঘ.
bdnews24