ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুল জলিলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রোববার রাতে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সে করে রাত ৮টা ২০ মিনিটে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে পৌঁছানোর পর তাকে হুইল চেয়ারে করে ছয় তলায় নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
ছয়তলার ৬০১ নম্বর কেবিনে ঢোকার সময় আব্দুুল জলিল সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমি খুব অসুস্থ। আপনারা আমার জন্য দোয়া করবেন।"
জলিলকে স্থানান্তরের কারণ জানতে চাইলে উপ-মহা কারা পরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর শামসুল হায়দার সিদ্দিকী বলেন, "রোববার বিকেলে আব্দুল জলিলের স্ত্রী তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তরের আবেদন করেন। আজ (রোববার) আব্দুল জলিলের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিলো। যেহেতু তিনি আটক, যেতে পারছেন না, সেজন্য মানবিক দিক চিন্তা করে তাকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে।"
ডিআইজি প্রিজন জানান, আব্দুল জলিল কিডনি, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। এর আগেও তিনি ল্যাব এইডের চিকিৎসক ডা. মতিউর রহমানের অধীনে চিকিৎসা নিয়েছেন।
ল্যাব এইড হাসপাতালে আব্দুুল জলিলের চিকিৎসার খরচ তার পরিবারই বহন করবে বলে জানান শামসুল হায়দার সিদ্দিকী।
আবদুল জলিলকে গত ২৮ মে মতিঝিলের মার্কেন্টাইল ব্যাংক কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে রিমান্ডে নেয় পুলিশ। পরে তাকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর যটকম/এসইউএম/এমএআর/জেকে/২১৫৬ ঘ.
bdnews24