ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের ভাই ঢাকার ওয়ার্ড কমিশনার মির্জা একরামুল হোসেন ওরফে মির্জা খোকন ও সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান দিপু রোববার দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পত্তির হিসাব দিয়েছেন।
মির্জা খোকন ও মাসুদুর রহমান দিপুর প্রতিনিধিরা কমিশন সচিব মোখলেস উর রহমানের কাছে হিসাব জমা দেন। ১ জুলাই কমিশন থেকে তাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছিল।
মির্জা খোকনের আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, খোকনের হিসাব বিবরণীতে চার কোটি ১১ হাজার ৭২ টাকারস্থাবর ও অস্থাবর সম্পত্তির উল্লেখ আছে।
অবশ্য মাসুদুর রহমান দিপুর সম্পত্তির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
১ জুলাই কমিশনের নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে এর আগে গত ৯ জুলাই খুলনার সাবেক মেয়র কাজী আমিনুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সহকারী একান্ত সচিব রবিউল আলম মুহাম্মদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও কুমিল্লার পৌর চেয়ারম্যান মনিরুল ইসলাম সাক্কু সম্পত্তির হিসাব জমা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯১২ ঘ.
bdnews24