২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসের এক মাস পরও ক্ষতিগ্রস্তদের তালিকা হয়নি

চট্টগ্রামে পাহাড় ধসের এক মাসের বেশি সময় পার হলেও ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য এখন দ্রুত এ তালিকা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড় ধসের এক মাসের বেশি সময় পার হলেও ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য এখন দ্রুত এ তালিকা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে প্রশাসন। গত ১১ জুন পাহাড় ধসে ১২৮ জন নিহত হওয়ার পর দুর্যোগ মোকাবেলায় গঠিত 'ত্রাণ ও পুর্নবাসনের বিশেষ কমিটি' জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুর্নবাসনের সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনাররা ক্ষতিগ্রস্তদের নাম না দেওয়ায় এবং উপ-কমিটির সভায় তারা উপস্থিত না থাকায় তালিকা চূড়ান্ত করা যায়নি বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা দাবি করেছেন। রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ত্রাণ ও পুনর্বাসনের বিশেষ কমিটির চতুর্থ সভায় তালিকা শিগগির চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়েছে। সভায় সিটি কর্পোরেশনের সচিব এ কে এম খায়রুল আলমকে দ্রুত সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে তা যৌথবাহিনীর তালিকার সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়। কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবাসন সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী পরিবারগুলোকে স্থানান্তরের কার্যক্রম শুরু করা হবে। রোববারের সভায় টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী হাটহাজারী উপজেলাধীন মধ্যম পাহাড়তলী এলাকার ২৭ দশমিক ৮৬ একর খাস জমিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ৭০টি ব্যারাক নির্মাণ করে সাতশ পরিবারকে পুনর্বাসন করা যাবে। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এ সভায় যৌথবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাহাড়তলী রেলওয়ের পাওয়ার কলোনিতে দেয়াল ধসে নিহত ১২ জনের পরিবারকে স্বেচ্ছা তহবিল থেকে ন্যূনতম ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এমআই/১৭১৫ ঘ.