২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় কর্মপরিকল্পনা তৈরিতে ২৪টি মন্ত্রণালয় কাজ করছে: তপন

দুর্যোগ মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির জন্য সংশ্লিষ্ট ২৪টি মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির জন্য সংশ্লিষ্ট ২৪টি মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। তিনি জানান, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা ও অবকাঠামো সংস্কারে যৌথবাহিনীকে কাজে লাগানো হবে। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য শিগগিরই অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হবে। রোববার দুপুরে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তপন চৌধুরী বলেন, "আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকদের কাছ থেকে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা ও অবকাঠামোর একটি পরিসংখ্যান পেয়েছি। ঘূর্ণিঝড়, টর্নেডো, জলচ্ছাস, বন্যা, পাহাড় ধস, নদী ভাঙন, খরা, জলাবদ্ধতা, আর্সেনিক দূষণ, লবণাক্ততাসহ বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।" খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ধীরাজ মালাকার জানান, দেশে এখন ৫৭৮টি আশ্রয় কেন্দ্র রয়েছে। আরো ২৬০টি নির্মাণাধীন রয়েছে। বৈঠকে উত্থাপন করা সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, প্রায় তিন দশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশে ছয় থেকে আট লাখ লোকের প্রাণহানী হয়েছে। এর মধ্যে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়েই মারা গেছেন তিন লাখেরও বেশি মানুষ। এসব প্রাকৃতিক দুর্যোগে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/জেকে/১৬৪৮ ঘ.