২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের সেই পরিবারের এক সদস্যের দাবি এটা 'হত্যাকাণ্ড'

ময়মনসিংহে একই পরিবারের ৯ সদস্যের 'আত্মহত্যা' ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মেরাজুন্নাহার মবি নামের এক নারী নিজেকে আনোয়ার দরবেশের মেয়ে পরিচয় দিয়ে দাবি করেছেন, আত্মহত্যা নয়, তার পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার কাশর এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ৯ জনের আত্মহত্যার পর ওই পরিবারের আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হয়েছিল। সেই হিসেবে আনোয়ার হোসেনের মেয়ে মবিকেও মৃত হিসেবে ধরে নিয়েছিল পুলিশ। কিন্তু ওই পরিবারের পরিচারিকা লীনার লাশ সনাক্ত করার পর তাদের ধারণা বদলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 05:59 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে একই পরিবারের ৯ সদস্যের 'আত্মহত্যা' ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মেরাজুন্নাহার মবি নামের এক নারী নিজেকে আনোয়ার দরবেশের মেয়ে পরিচয় দিয়ে দাবি করেছেন, আত্মহত্যা নয়, তার পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার কাশর এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ৯ জনের আত্মহত্যার পর ওই পরিবারের আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হয়েছিল। সেই হিসেবে আনোয়ার হোসেনের মেয়ে মবিকেও মৃত হিসেবে ধরে নিয়েছিল পুলিশ। কিন্তু ওই পরিবারের পরিচারিকা লীনার লাশ সনাক্ত করার পর তাদের ধারণা বদলে যায়। মবির ছেলে মওলা (৮) ও মেয়ে তাবাসসুম মুনের (৫) মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারলেও মবির বেঁচে আছেন এই ধারণা থেকে তার খোঁজ শুরু করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আছেন জানার পর সেখানেও খোঁজখবর নেওয়া হয়। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মেড্ডা এলাকায় মেরাজুন্নাহার মবির সঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযুষ আচার্য্যরে কথা হয়। মবি দাবি করেন, তার পরিবারের সদস্যরা আত্মহত্যা করেননি, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মবি বলেন, তার ছেলে মওলা ও মেয়ে মুন ময়মনসিংহে নানাবাড়িতে থেকে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে লেখাপড়া করতো। বৃহস্পতিবার পত্রিকা পড়ে তিনি ছেলেমেয়েসহ ৯ জনের মৃত্যুর কথা জানতে পারেন। তবে তার দৃঢ় বিশ্বাস, তারা আত্মহত্যা করেননি। কিছু উগ্র ধর্মান্ধ লোক তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে অথবা জোর করে ট্রেনের নিচে ফেলে দিয়েছে। সন্তানদের মৃত্যুর খবর পাওয়ার পরও তিনি কেন ময়মনসিংহে গেলেন না জানতে চাইলে তিনি বলেন, "ওখানে আর কেউই তো বেঁচে নেই। গিয়ে আর কী হবে?" মবি জানান, তার বড় ভাই গোলাম মাহিন ঢাকার কলাবাগানে ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর অজ্ঞাত ঘাতকদের হাতে নিহত হন। ওই চক্রই তার পরিবারের বাকি সদস্যদের হত্যা করে থাকতে পারে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি আরো দাবি করেন, বিভিন্ন প্রচারমাধ্যমে তার পরিবারের ধর্মচ্যুত বা খ্রিস্টান হওয়ার যে খবর প্রচার করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। মেরাজুন্নাহার মবি ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মেড্ডা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। তার প্রতিবেশী আসিয়া বেগম জানান, স্বামী পরিত্যাক্তা মবি প্রায় বছরখানেক ধরে ওই এলাকায় আছেন। তার সংসার চলে টিউশনি করে। ৩ ছেলে মেয়ের মধ্যে এক বছর বয়সী মেয়েটিই শুধু এখন তার সঙ্গে আছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক কামাল পাশা জানান, মবির সঙ্গে কথা বলার জন্য তাকে শনিবার সন্ধ্যায় সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তবে মবির কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান কামাল পাশা। এদিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামরান রেজা চৌধুরী ময়মনসিংহ থেকে জানান, নিহতদের বাড়ি আদম হাউজ থেকে উদ্ধার করা একটি ডায়েরিতে গৃহকর্মী লীনারও কিছু লেখা পাওয়া গেছে। ডায়েরিতে লেখা ছিল স্থানীয় কিছু মানুষ বাড়িটি দখল করতে চায়। লীনা আরো লিখেছেন, আনোয়ার দরবেশের প্রবর্তিত 'আদম ধর্ম' গ্রহণ করে তিনি নতুন জীবনের সন্ধান পেয়েছেন। ময়মনসিংহের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, "ওই পরিবারের সদস্যরা যে আত্মহত্যা করেছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে মবি সম্ভবত আত্মহত্যা করতে রাজি হননি। এ কারণেই তিনি বাড়ি থেকে চলে যান।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এসএনডি/জেকে/এসএইচ/২৩২৯ ঘ.