২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর ক্ষতিগ্রস্ত জাহাজ 'বাংলার সৌরভ' ড্রাই-ডকে

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার এক বছর পর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ 'এমভি বাংলার সৌরভ'কে শনিবার মেরামতের জন্য ড্রাই-ডকে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার এক বছর পর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ 'এমভি বাংলার সৌরভ'কে শনিবার মেরামতের জন্য ড্রাই-ডকে তোলা হয়েছে। বিএসসির সঙ্গে চুক্তিবদ্ধ জাহাজটির মেরামতকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্সের কর্মকর্তারা জানান, শনিবার বেলা সাড়ে ১২টায় বাংলার সৌরভকে জেটি থেকে ড্রাই-ডকে ঢোকানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) হারবার মাস্টার জাফরুল্লা চৌধুরী ও ডেপুটি কনজারভেটর নাজমুল আলম এ কাজের তত্ত্বাবধান করেন। প্রশাসনিক জটিলতার কারণে গত ছয়মাস ধরে জাহাজটি ড্রাই-ডক জেটিতে ছিল। গত ৫ জুলাই ড্রাই-ডক লিমিটেডের বোর্ড সভায় এটি ড্রাই-ডকে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছরের ২৪ জুন চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে এক বিস্ফোরণে 'বাংলার সৌরভ' প্রায় দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এরপর জাহাজটিকে গহিরা উপকূলে দুটি টাগবোট দিয়ে টেনে নিয়ে সৈকতে ভেড়ানো হয়। বিধ্বস্ত জাহাজটিকে পরে মেরামতের দ্বায়িত্ব পায় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটির ক্ষতিগ্রস্ত অংশ ড্রাই-ডকে সম্পূর্ণ কেটে ফেলা হবে। এই কাটা অংশগুলো পুনঃসংযোজনের জন্য তাদের নিজস্ব ইয়ার্ডে ১৯টি ব্লক তৈরি করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে জাহাজটি মেরামতের কাজ শেষ হবে বলে তিনি জানান। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এসএনডি/২২৩০ ঘ.