বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির শীর্ষ তিন নেতাসহ চার জনের বিরুদ্ধে শনিবার চাঁদাবাজির মামলা করেছেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী তৌফিকা কালাম।
অভিযুক্তরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি ও বাগেরহাটের ৯ নং পৌর কমিশনার সরদার লিয়াকত আলী এবং জেলা কালেক্টরেটের কর্মচারী সাঈদুর রহমান।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী জানান, বাদীর মালিকানাধীন সায়েম উদ্দিন কাজী অ্যান্ড কোং এর ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ২০০৩ সালে আসামীরা বাদীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপির বিভিন্ন পর্যায়ে অভিযোগ জানিয়ে প্রতিকার না পেয়ে এবং আসামীদের অব্যাহত হুমকির মুখে তিনি ২০০৩ সালের ১ ও ৩ ডিসেম্বর দাবিকৃত টাকার মধ্যে নগদ এক লাখ টাকা বাদী পরিশোধ করেন।
মামলার অভিযুক্ত দুই আসামী আলী রেজা বাবু ও শেখ নজরুল ইসলাম একাধিক চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। কমিশনার লিয়াকতও বেশ কিছু দিন ধরে আত্মগোপন করে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০৪৪ ঘ.
bdnews24