২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের অনুদানের বেশিরভাগ অর্থই ফেরত গেছে

সরকারি বরাদ্দ থাকলেও সময়মতো আবেদন না করায় যশোরে বজ্রপাতে নিহত অনেক পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছে। গত অর্থবছরে এ খাতের এক লাখ টাকাই ফেরত গেছে বলে জানান যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শামসুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

যশোর, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারি বরাদ্দ থাকলেও সময়মতো আবেদন না করায় যশোরে বজ্রপাতে নিহত অনেক পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছে। গত অর্থবছরে এ খাতের এক লাখ টাকাই ফেরত গেছে বলে জানান যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শামসুল আলম। ত্রাণ কর্মকর্তা জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য জেলায় দেড় লাখ টাকা সরকারি বরাদ্দ আসে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারকেই সাহায্য দেওয়া সম্ভব হয়নি। গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত আবেদনের ভিত্তিতে মাত্র ৫ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান। যারা সাহায্য পেয়েছেন তারা হচ্ছে কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের নিহত মকবুল হোসেনের পরিবার, শার্শার গয়ড়া গ্রামের আক্তারুল, শালকোনা গ্রামের সুলতান আহমেদ, ট্যাংরা গ্রামের আব্দুল আজিজ ও রাজাপুর গ্রামের আব্দুল মমিনের পরিবার। ত্রাণ কর্মকর্তা শামসুল আলম আরও জানান, ৩০ জুনের পর এ পর্যন্ত বজ্রপাতে নিহত আরও দুই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিন্তু এ খাতে ২০০৭-০৮ অর্থ বছরে সাহায্য এখন পর্যন্ত না আসায় তাদের সাহায্য দেওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪২ ঘ.