২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় সাভারের এনাম মেডিকেলে উত্তেজনা

ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার উত্তেজনা দেখা দেয়। রোগীর আত্মীয়-স্বজন এ সময় হাসপাতালে বিক্ষোভ ও ভাংচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুল চিকিৎসার কথা স্বীকার করে এ জন্য নার্সকে দায়ী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

সাভার, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার উত্তেজনা দেখা দেয়। রোগীর আত্মীয়-স্বজন এ সময় হাসপাতালে বিক্ষোভ ও ভাংচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুল চিকিৎসার কথা স্বীকার করে এ জন্য নার্সকে দায়ী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত লিপি বেগমের স্বামী রবিন শেখ সাংবাদিকদের জানান, স্ত্রীর পেটে ব্যথা দেখা দিলে শনিবার সকাল ৭টার দিকে তিনি তাকে থানা রোডের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক আবু সিদ্দিক "টেকিয়াম ৫০ এমজি" নামে একটি ইনজেকশন দেন। এর ১০ মিনিটের মধ্যেই লিপির পুরো শরীর ফুলে লালচে বর্ণ ধারণ করে। যন্ত্রণায় ছটফট করতে করতে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের মালিক ডা. এনামুর রহমান জানান, এটি নিছক একটি দুর্ঘটনা। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সিদ্দিক ব্যথা উপশমে "টিনিয়াম ৫০ এমজি" ইনজেকশন লিখে দেন। কিন্তু নার্স সাধনা রোজারিও ভুল করে 'টেকিয়াম ৫০ এমজি' ইনজেকশন পুশ করেন। তাতেই রোগীর মৃত্যু হয়। ওই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এনামুর রহমান। তবে ডা. আবু সিদ্দিক ও নার্স সাধনা রোজারিওর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে ডা. এনামুর রহমান বলেন, "ডিউটি শেষে তারা বাড়ি ফিরে গেছে।" বাড়ির ঠিকানা চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, "তারা কোথায় থাকে আমার জানা নেই।" এদিকে ভুল চিকিৎসায় লিপির মৃত্যুর খবরে তার আত্মীয়-স্বজন হাসপাতালে এসে ভিড় জমায়। তারা বিক্ষোভ ও হাসপাতাল ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সাভার থানা থেকে পুলিশ এসে এসে তাদের থামায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে র‌্যাব-১১ ও সাভার সেনা ক্যাম্পে অভিযোগ করা হয়েছে বলে লিপির পরিবার জানায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাছিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মৃতের পরিবার লিখিত অভিযোগ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লিপি বেগম ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি কারখানায় কাজ করতেন। তার স্বামী রবিনও একই কারখানায় কাজ করেন। রবিন জানান, দুই বছর আগে সাভারের নয়ারহাট এলাকার বোয়ালিয়া পাড়ার লিপি বেগমকে তিনি বিয়ে করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৬ ঘ.