ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মংলা, ঈশ্বরদী ও নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেপজা।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বৃহস্পতিবার বেপজা কার্যালয়ে ২০০৬-০৭ অর্থবছরের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে গিয়ে সাংবাদিকদের একথা জানান।
বেপজা চেয়ারম্যান বলেন, "এই তিনটি ইপিজেডে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আমরা ব্যপক প্রচারণা চালাবো।"
মংলা ও উত্তরা ইপিজেডে বিনিয়োগ কম হওয়ার কারণ হিসেবে গ্যাস সরবরাহ ও বিমানবন্দর সুবিধা না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, "ইপিজেডগুলোতে গ্যাসভিত্তিক প্রতিষ্ঠান বাদে অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যপারে আমরা আগ্রহী।"
তিনি আরো বেলন, "ঈশ্বরদীতে গ্যাস সুবিধা থাকার পরও সন্তোসজনক বিনিয়োগ আসেনি। তাই প্রচার অভিযানে নামা ছাড়া আমাদের আর উপায় নেই।"
বেপজার তথ্য অনুসারে, দেশের আটটি ইপিজেডে এখন পর্যন্ত ১১৩ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। এরমধ্যে ২০০৬-০৭ অর্থবছরে এসেছে ১৫ কোটি ২৩ লাখ ৭০ হাজার ডলার। যা ২০০৫-০৬ অর্থবছরের ১১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ডলারের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
চেয়ারম্যান জানান, ২০০৬-০৭ অর্থবছরে ৪৯টি প্রতিষ্ঠান বেপজার সঙ্গে ৫৬ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করে। বর্তমান অর্থবছরে বিনিয়োগের প্রবাহ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বেপজা চেয়ারম্যান জানান, এবছর ইপিজেডগুলোর রপ্তানির লক্ষ্যমাত্রা ২৩০ কোটি ডলার। ২০০৬-০৭ ও ২০০৫-০৬ অর্থবছরে এই পরিমাণ ছিল যথাক্রমে ২০৬ কোটি ও ১৮৩ কোটি ডলার।
গত এক বছরে বেপজার কার্যক্রমের বর্ণনা দিতে গিয়ে ইউসুফ বলেন, "আমি যখন দায়িত্ব নেই তখন প্রচণ্ড শ্রমিক বিক্ষোভ চলছিল। কিন্তু এখন কোনো শ্রমিক বিক্ষোভ নেই। শ্রমিকরা এখন প্রভিডেন্ড ফান্ড, ছুটি ও অন্যান্য সুবিধাসহ প্রাপ্য মজুরী পাচ্ছে।"
তিনি বলেন, "২০০৬-০৭ অর্থবছরে বেতন বাড়ানোর কারণে শুধু ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডেই ২৫২ কোটি টাকা ব্যয় হয়েছে।"
বেপজার তথ্য অনুসারে বর্তমানে ২ লাখ ১ হাজার লোক ইপিজেডগুলোতে কর্মরত আছেন।
বেপজা চেয়ারম্যান জানান, "বিদ্যুৎ ঘাটতি মেটাতে বেপজা দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম ইপিজেডে একটি পানি শোধনাগার স্থাপন করা হয়েছে।"
বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে বেপজার তথ্য প্রযুক্তির ব্যবস্থা উন্নয়ন ও জনশক্তি বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/২২৩৩ ঘ.
bdnews24