ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাড়ির ময়লা পরিষ্কার করে দিতে রাজি না হওয়ায় রানা নামের ১০ বছর বয়সী এক বালককে মারতে মারতে তিন তলা থেকে ফেলে দিয়েছেন রাজধানীর নর্থব্রক হল রোডের বাসিন্দা হাকিম মিয়া (৬৫) ও তার ছেলে। আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই ঘটনার পর ক্ষুব্ধ এলকাবাসী হাকিম মিয়া ও তার ছেলে মাসুদকে বাড়ি থেকে বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, রানার বাবা মাহাবুব হোসেন একজন দিনমজুর। তারা সদরঘাট এলাকায় থাকেন। রানা বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে থাকে। সকালে হাকিম মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হাকিম মিয়া তাকে কাজের কথা বলে ওপরে নিয়ে যান। তিনি রানাকে বাড়ির ময়লা পরিষ্কার করে দিতে বললে সে অস্বীকৃতি জানায়। এরপর হাকিম মিয়া ও তার ছেলে রানাকে তিনতলা থেকে নিচে ফেলে দেন।
হাকিম মিয়ার বাড়ির সামনে খাবারের দোকানে পানি সরবরাহকারী কমলা রানী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শোনেন তিনি। এরপর বাড়ির নীচে শুয়ে রানাকে গোঙাতে দেখেন। ঘটনাটি দেখে স্থানীয়রা দৌঁড়ে এসে রানাকে প্রথমে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন হাকিম মিয়ার বাড়ি ঘেরাও করে রাখে। বাংলাবাজার-ফরাশগঞ্জ সড়কও প্রায় আধাঘণ্টা বন্ধ করে রাখেন তারা। পরে হাকিম মিয়া ও তার ছেলে মাসুদকে বাড়ি থেকে বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, হাকিম মিয়া এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রানার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/১৯৩৭ ঘ.
bdnews24