ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী ও ভোলার মনপুরায় বৃহস্পতিবার বিক্ষোভ করেছে কৃষকরা। মনপুরায় কৃষকরা কৃষি কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। অন্যদিকে গোদাগাড়ীতে সারের দাবিতে বিক্ষোভরত কৃষকের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন ১২ জন।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার বিদিরপুরে সারের দাবিতে কৃষকরা বিক্ষোভ শুরু করে বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে কৃষকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ করে। কৃষকরাও পুলিশকে লক্ষ করে পাল্টা ইট পাটকেল ছোড়ে।
সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন।
বরিশাল ও ভোলা প্রতিনিধি জানান, মনপুরা উপজেলায় সারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকরা ফিরে যায়।
ইউএনও আমিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল নাগাদ নয় মেট্রিক টন এবং শুক্রবার ৪০ মেট্রিক টন ইউরিয়া সার মনপুরায় পৌঁছবে। এ কথা জানানোর পর ১২টার দিকে কৃষকরা হয়ে ফিরে যায়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সারের দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘিরে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, মনপুরায় চলতি আউশ মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে আউশ চাষ করা হয়েছে।
চলতি জুন-জুলাই'য়ে ৬০ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে জুন মাসে ১৮ মেট্রিক টন সার সরবরাহ করেছিল। তাই সার সঙ্কটের সৃষ্টি হয়েছে।
জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে চাহিদা অনুযায়ী সার সরবরাহের কথা ছিল। কিন্তু যথা সময়ে সার না পেয়ে কৃষকরা আজ ইউএনও অফিসে আসে।
কৃষি কর্মকর্তা স্বপন বলেন, সার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি কৃষকদের জন্য শুক্রবার জেলার বাফার গোডাউন থেকে ৪০ মেট্রিক টন সার সরবরাহের আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.
bdnews24