২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মনপুরায় সারের দাবিতে কৃষি অফিস ঘেরাও

মনপুরা উপজেলায় সারের দাবিতে বৃহস্পতিবার কৃষি অফিস ঘেরাও করেছে কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকরা ফিরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 06:30 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ভোলা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মনপুরা উপজেলায় সারের দাবিতে বৃহস্পতিবার কৃষি অফিস ঘেরাও করেছে কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকরা ফিরে যায়। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে কৃষকরা। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে ইউএনও এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। ইউএনও আমিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল নাগাদ নয় মেট্রিক টন এবং শুক্রবার ৪০ মেট্রিক টন ইউরিয়া সার মনপুরায় পৌঁছবে। এ কথা জানানোর পর কৃষকরা আশ্বস্ত হয়ে ফিরে যায়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নানের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বরিশাল প্রতিনিধি জানান, সারের দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘিরে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, মনপুরায় চলতি আউশ মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে আউশ চাষ করা হয়েছে। চলতি জুন-জুলাই'য়ে ৬০ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে জুন মাসে ১৮ মেট্রিক টন সার সরবরাহ করেছিল। তাই সার সঙ্কটের সৃষ্টি হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে চাহিদা অনুযায়ী সার সরবরাহের কথা ছিল। কিন্তু যথা সময়ে সার না পেয়ে কৃষকরা আজ ইউএনও অফিসে আসে। কৃষি কর্মকর্তা স্বপন বলেন, সার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি কৃষকদের জন্য শুক্রবার জেলার বাফার গোডাউন থেকে ৪০ মেট্রিক টন সার সরবরাহের আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.