ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাশিয়ানিতে রাতৈল নায়েবুন্নেছা ইনষ্টিটিউশন নামের একটি স্কুলে ছাত্র-শিক্ষকসহ ৫০ জন অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
প্রাথমিকভাবে এই অসুস্থতার কারণ জানা না গেলেও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম মোস্তফা জানান, স্কুলের পুরনো সেফটি ট্যাংক থেকে মিথেন গ্যাস বের হয়ে এ সমস্যা তৈরি হয়ে থাকতে পারে।
স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান জানান, বুধবার সকাল ১১টার দিকে হঠাৎ করেই কয়েকজন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। দুপুর পর্যন্ত ছাত্র-শিক্ষকসহ ৫০ জনের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।
তিনি জানান, আহতদের কয়েকজনকে কাশিয়ানি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্কুলে ক্যাম্প করে বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সোহান (১২) জানান, "সকালে স্কুলে যাওয়ার পর হঠাৎ করেই আমার হাত-পা জ্বালাপোড়া আর পেটে ব্যাথা শুরু হয়। এক পর্যায়ে শ্বাস-প্রশ্বাসও বন্ধ হয়ে আসতে থাকে। তারপর আর কিছু জানি না।"
সোহান ছাড়াও আন্না (১২), তানিয়া (১২), সিমি (১৪), ফাল্গুন (১৪), শান্তা (১৩), শামিমা (১২), রিমি (১৩), মুন্নি (১৫), এলিজা (১৪), সোহাম (১২), ইতি (১২), চাদনী (১৪), ফেরদৌসী (১৩), সাদ্দাম (১৪), নিপা (১২) ও সুমনাকে (১৩) কাশিয়ানী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম মোস্তফা বলেন, "স্কুলের পুরনো সেফটি ট্যাংক থেকে মিথেন গ্যাস বের হয়ে এ সমস্যা তৈরি হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৪৬ ঘ.
bdnews24