২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিল মওকুফের কথা ভাবছে সরকার

সরকার বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিল মওকুফ করার কথা ভাবছে। তবে কতদিনের বকেয়া মওকুফ করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিল মওকুফ করার কথা ভাবছে। তবে কতদিনের বকেয়া মওকুফ করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংাবদিকেদের তিনি বলেন, "কতদিনের পুরনো বিল মওকুফ করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" উপদেষ্টা জানান, বিল মওকুফ করা হলে আবাসিক গ্রাহকদের চেয়ে সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোই বেশি লাভবান হবে। আবাসিক গ্রাহকদের কাছে দুই থেকে তিনমাসের বেশি বিল বকেয়া নেই বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "আবাসিক গ্রাহকরা নিয়মমতোই বিল পরিশোধ করেন। কিন্তু সেটা অনেকসময়ই সরকারি হিসাবে উঠানো হয়না। আবার দেখা গেছে বিদুুৎ ও গ্যাস এর ১০ বছরের পুরনো বিল একসঙ্গে তৈরি করে গ্রাহকদের কাছে পাঠানো হয়। এতে গ্রাহকরা ভোগান্তির শিকার হন।" সরকার এসব ভোগান্তি থেকে গ্রাহকদের মুক্তি দেওয়ার জন্যই মূলত বকেয়া বিল মওকুফের কথা ভাবছে বলে তপন চৌধুরী জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরবি/জেকে/এমএইচবি/১৮৫৯ ঘ.