২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হত্যা মামলায় বিএনপি নেতা মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন তুষার হত্যা মামলায় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম এইচ খান মঞ্জুসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

গোপালগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন তুষার হত্যা মামলায় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম এইচ খান মঞ্জুসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার গোপালগঞ্জ আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মাসুদুল হক। তবে মামলার প্রধান আসামী গোপালগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুবের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। তুষারের মাথায় বিদ্ধ বুলেটটি স্থানীয়ভাবে তৈরি হওয়ায় অভিযোগপত্র থেকে ওসি আইয়ুবের নাম বাদ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। তবে বাদী আরিফ হোসেন জানিয়েছেন, তিনি আদালতে এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করবেন। ২০০৪ সালের ৩১ জুলাই মটর শ্রমিক ইউনিয়ন আহূত পরিবহন ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তুষার। ওই ঘটনায় নিহতের ছোট ভাই জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আরিফ হোসেন খান জুয়েল ওসি আইয়ুব, বিএনপি নেতা মঞ্জু, ইউপি চেয়ারম্যান জাফর হোসেন কালুসহ ছয় জনকে আসামী করে আদালতে একটি মামলা করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৪ ঘ.