২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের অসদাচরণের প্রতিবাদে স্কুল শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

শিক্ষার্থীদের সঙ্গে এক শিক্ষকের অসদাচরণের প্রতিবাদে নলছিটি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তিন দিন ধরে ক্লাস বর্জন করছে। ঘটনার সত্যতা স্বীকার করে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

বরিশাল, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের সঙ্গে এক শিক্ষকের অসদাচরণের প্রতিবাদে নলছিটি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তিন দিন ধরে ক্লাস বর্জন করছে। ঘটনার সত্যতা স্বীকার করে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, ব্যবস্থা নেওয়ার আশ্বাসের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে ছাত্র-ছাত্রীরা ক্লাস করবে বলে তাদের অভিভাবকরা প্রধান শিক্ষককে আশ্বস্ত করেছেন। উপজেলার মগড় ইউনিয়নের মিরুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষক মো. সেলিম হোসেনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে অসদাচারণের অভিযোগ করে আসছিল। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তার আচরণের কোনও পরিবর্তন হয়নি। তাই ছাত্র-ছাত্রীরা গত ৯ জুলাই থেকে ক্লাস বর্জন শুরু করে। প্রধান শিক্ষক আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অভিভাবকরা বৃহস্পতিবার থেকে তাদের ছেলেমেয়েদের ক্লাসে পাঠাবেন বলে কথা দিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা অভিযুক্ত শিক্ষক মো.সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক সোমবার থেকে ছুটিতে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮২৩ ঘ.