ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরার অদূরে কামারপাড়ায় ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি অংশ ভেঙ্গে পড়ে কমপক্ষে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক আশিকুর রহমান, আলী হোসেন ও অজ্ঞাত এক কিশোর। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। (আরও তথ্যসহ-১)
আহতদের ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, আইচি হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ইস্টওয়েস্ট হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মাণ শ্রমিক আক্তারুল (২০), মো. ফয়েজ মিয়া (৩০), সালেহা খাতুন (৩৫), জাহিদ (২২), আব্দুর রব (২০), মো. জাহাঙ্গীর আলম (৩০) ও মরিয়ম (৩০)।
উত্তরার আইচি হাসপাতালে পাঁচজন, পঙ্গু হাসপাতালে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে। পঙ্গু হাসপাতাল ভর্তি এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি জিন্স প্যান্ট পরা খালি গায়ের অজ্ঞাত ওই কিশোর রাত ৯টার দিকে মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের আলোকচিত্রী ফিরোজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের পাশে ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মানাধীন অংশটি হঠাৎ করে ভেঙ্গে পড়ে।
ঘটনার পরপরই দমকলের তিনটি স্টেশনের বেশ কয়েকটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগীতায় উদ্ধার কাজ শুরু করে। পরে সেনোবাহিনীর একটি উদ্ধারকারী দলও উদ্ধারকাজে নেয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনায় দুইজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পুলিশের কাছে রয়েছে। ভবনটির ভেঙ্গে পড়া অংশ কেটে সরানোর চেষ্টা চলছে।
ঢাকা মহানগর উত্তরের জোনের সহকারী পুলিশ কমিশনার মো. গাফফার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঁশ, রড এগুলো আলামত হিসেবে সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় দুই ঠিাকাদারও আহত রয়েছে। এরা এখন চিকিৎসাধীন রয়েছে। এদের পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতে পারে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
ভবনটির ভেঙ্গে পড়া অংশটির নির্মাণ কাজ আর্টিজান এপার্টমেন্ট নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান করছিল বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আউয়াল।
বিকেল সোয়া ৫টার দিকে দমকল উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে। দমকল বাহিনীর সহকারী পরিচালক নুরুল হক জানান, ঘটনার পর তারা মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাননি। জায়গার স্বল্পতার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে।
উদ্ধারকাজে এসেছিল সেনাবাহিনীর সিগনাল কোর ও ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের মেজর ফজলুর রহমান জানান, নির্মাণ সামগ্রী এবং বাঁশ, কাঠ সবই নিুমানের। মূলত এ কারণেই অংশটি ভেঙ্গে পড়েছে বলে তারা ধারনা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এএনএস/জেকে/জিএনএ/এমএইচবি/১৭৩০ ঘ.
bdnews24