ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সায়েমা ওয়াজেদ পুতুলের মা হওয়া উপলক্ষে নেতাকর্মীদের মিষ্টিমুখ করিয়েছেন শেখ হাসিনা।
বুধবার সকালে তিনি সুধাসদন থেকে বঙ্গবন্ধু জাদুঘরে যান। সেখানে কিছু সময় থেকে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টি মুখ করান আওয়ামী লীগ প্রধান। এরপর বেলা ১টার দিকে পুনরায় সুধা সদনে ফিরে যান তিনি। ওই সময় হাসিনাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুতুল তৃতীয় সন্তানের মা হন। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সুধাসদন থেকে জানানো হয়েছে।
নবজাতক ও মা দুজনেই সুস্থ রয়েছেন বলে সুধাসদন জানায়।
পুতুলের আরও দুই কন্যা সন্তান রয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে খন্দকার জারিফ মুজিব হোসেন।
পুতুল ও তার স্বামী খন্দকার মাশরুর হোসেন দুজনেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে থাকেন।
দেশে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা তার মেয়েকে সময় দিতে যুক্তরাষ্ট্র যান। সেখান থেকে দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে তিনি অবশ্য দেশে ফেরেন।
কিন্তু পুতুলের সন্তানের জন্মের সময় পাশে থাকতে তিনি গত ১৫ জুন পুনরায় যুক্তরাষ্ট্র যেতে চাইলে বাধার মুখে তিনি যেতে পারেননি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও প্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24