ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রণীত অভিন্ন নীতিমালা বা 'আমব্রেলা অ্যাক্ট' প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করার সরকারি অপচেষ্টা হিসেবে বর্ণনা করে বলেছেন, এই নীতিমালা কার্যকর হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্ত্বশাসন হারিয়ে 'সরকারি' বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, "এই অ্যাক্ট সামরিক জান্তা কর্তৃক চাপিয়ে দেয়া ১৯৬১ সালের কালাকানুন 'বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের' নতুন সংস্করণ মাত্র।" নানা কারণে সমালোচিত ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-এর কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় না বলে দাবি করে তিনি বলেন, ওই অধ্যাদেশের কারণেই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে চলতে পারে। বরং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনে সরকারি হস্তক্ষেপের কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বলেন, "প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলো কিন্ডারগার্টেনে পরিণত হবে।"
১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মূল কাঠামো ঠিক রেখে প্রয়োজনে এটি পরিমার্জনের দাবি জানিয়ে সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "এর যে পরিবর্তন হচ্ছে না তা নয়। এটি বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। ওই অর্ডিন্যান্সের মূল কাঠামো ঠিক রেখে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটে এর আওতাধীন বিভিন্ন স্ট্যাটিটিউট প্রতিনিয়তই পরিমার্জন করা হচ্ছে।"
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে প্রশাসনিকভাবে নজরদারি করা হলে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে, পাবলিক বিশ্ববিদ্যালয় থাকবে না। কারণ এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্ত্বশাসনের বৈশিষ্ট্য হারাবে এবং সরকারি হস্তক্ষেপে পরিচালিত হবে।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুণ অর রশীদ, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।
উল্লেখ্য, দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। তবে প্রস্তাবিত অভিন্ন নীতিমালা কার্যকর হলে এই চারটি বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রত্যক্ষ নজরদারিতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/২০৩৬ ঘ.
bdnews24