ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্যান্সার আক্রান্ত শিল্পী সাবিনা ইয়াসমীনকে চিকিৎসার জন্য বুধবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে তাকে ভর্তি করার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছেন ল্যাব এইড হাসপাতালের একজন কর্মকর্তা।
সাবিনা ইয়াসমীন বর্তমানে ল্যাব এইডে চিকিৎসাধীন আছেন।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা আল ইমরান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থ শিল্পীকে বুধবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুর ক্যান্সার সেন্টারের বাংলাদেশ এজেন্ট তার যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এদিকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ অসুস্থ শিল্পীর চিকিৎসার জন্য চার লাখ টাকা অনুদান দিয়েছে। প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়েছে। সরকারি এক তথ্যবিবরনীতে মঙ্গলবার একথা জানানো হয়।
ফখরুদ্দীন আহমদ সোমবার সাবিনা ইয়াসমীনকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান।
সাবিনা ইয়াসমীনের চিকিৎসক ডাঃ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মোফাজ্জল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দুই দিনের তুলনায় শিল্পীর অবস্থা আজ (মঙ্গলবার) ভালো। তার শরীরের তাপমাত্রা বেশ স্বাভাবিক।"
সাবিনাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি শিল্পী পরিবারের তত্ত্বাবধানে হচ্ছে।
ল্যাবএইডের একজন চিকিৎসক বলেন, "শিল্পীর শরীর কেমোথেরাপি দেওয়ার অনুপযোগী হওয়ায় তাকে কেমো দেওয়া যাচ্ছে না। এতে তার ক্যান্সার আরো বিস্তৃতি লাভ করার আশংকা দেখা দিয়েছে। যত দ্রুত তাকে কেমো দেওয়া যাবে সেটাই হবে তার জন্য মঙ্গল।"
মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের নীচতলায় শিল্পীর ভক্তরা তার সর্বশেষ অবস্থা জানতে ভিড় জমাতে থাকেন। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে।
কন্ঠশিল্পী শবনম মুশতারী বিকেলে হাসপাতালে নীচতালায় সাংবাদিকদের বলেন, "সাবিনা ইয়াসমীন আর আমি একই সঙ্গে একই স্কুলে গান শিখেছি। আজ এসেছিলাম তাকে দেখতে কিন্তু চিকিৎসকরা তার মঙ্গলের জন্যই দর্শনার্থীদের দেখা করতে দিচ্ছে না। সাবিনা অসুস্থ, বলা যায় না আজ হয়তবা সে সুস্থ হয়ে উঠবে আর আমরা অন্য কেউ অসুস্থ হয়ে যেতে পারি। সবার কাছে প্রার্থনা করি সাবিনার জন্য দোয়া করুন।"
এর কিছুক্ষণ পর কন্ঠশিল্পী ফেরদৌসী রহমান পাঁচতলার কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে সাবিনার সঙ্গে দূর থেকেই কুশল বিনিময় করেন। পরে নীচে নেমে সাংবাদিকদের ফেরদৌসী বলেন, "চিকিৎসকদের কঠোর নিষেধাজ্ঞা থাকায় দূর থেকেই সাবিনাকে দেখে এসেছি। তাকে দেখে অনেক সুস্থ মনে হলো। তার জন্য দোয়া করি।"
সাবিনা ইয়াসমিন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক মাস ধরে চিকিৎসাধীন। একজন চিকিৎসক জানিয়েছেন, তিনি নন হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। তার ক্যান্সারের পর্যায় 'ফোর বি' অবস্থায় রয়েছে। এটা এখনও নিরাময়যোগ্য একটি পর্যায়। তবে অবশ্যই তাকে কেমোথেরাপি নিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএন/জিএনএ/২০০০ ঘ.
bdnews24