ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা শহরে যানজট নিরসন ও যাত্রী পরিবহনে চাপ এড়াতে সরকার মেট্রো রেল অথবা মনো রেল চালু করার পরিকল্পনা করছে।
যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "কোন ধরনের রেল ঢাকার জন্য ভালো হবে তা পরীক্ষার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উপকমিটি করা হয়েছে। এই উপ কমিটি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।"
তিনি জানান, বিদেশি সহায়তাপুষ্ট কয়েকটি দেশীয় কোম্পানি থেকে এরই মধ্যে প্রস্তাব পাওয়া গেছে। মেট্রো রেল অথবা মনো রেল চালুর ব্যাপারে মাটি পরীক্ষা এবং সম্ভাব্যতা যাচাই এর কাজ চলছে।
এই কাজ শেষে কোম্পানিগুলোর কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়া গেলে আগামী দুই মাসের মধ্যেই আশানুরূপ অগ্রগতি হতে পারে বলে জানান যোগাযোগ সচিব।
তিনি বলেন, যানবাহন চলাচলের চাপ কমাতে ঢাকা শহরেরর সড়কগুলোকে সার্কুলার রোড ঘোষণা করা হতে পারে। এছাড়া বাস, ট্যাক্সি এবং অটো চলাচলের জন্য থাকবে আলাদা লাইন ও স্টপেজ হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১৭২০ ঘ.
bdnews24