সিলেট, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকা থেকে সিলেটে ফ্লাইট পরিচালনার মধ্যদিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু করেছে ইউনাইটেড এয়ারওয়েজ। বেসরকারি এ প্রতিষ্ঠানটির প্রথম ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছায়।
পরীক্ষামূলক এ ফ্লাইটে আসা ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালকরা প্রথমে শাহজালাল এর মাজার জেয়ারত শেষে নগরীর চৌহাট্টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সিলেটে প্রায় একঘণ্টা অবস্থান করে তারা পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
বাংলাদেশ বিমান এর চেয়েও উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করছেন দাবি করে ইউনাইটেড এয়ারওয়েজের মহাপরিচালক তাসবিরুল আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, অন্যান্য এয়ারওয়েজের চেয়ে কম দামে তারা গ্রাহক সেবা দিতে পারবেন।
ইউনাইটেড এয়ারওয়েজ জানায়, মূলত প্রবাসীদের উদ্যোগ ও অর্থায়নে কোনও ব্যাংক ঋণ ছাড়াই তারা কাজ শুরু করেছে। ইতিমধ্যে লন্ডন, ঢাকা ও সিলেটে প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপন করা হয়েছে; তাতে কাজ করছে প্রায় ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী।
প্রতিষ্ঠানটি জানায়, প্রথমে ৩৭ আসনের বিমান দিয়ে অভ্যন্তরীণ যাত্রী পরিবহণ শুরু হয়েছে। বুধবার থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এ দুই রুটে ফ্লাইট চালনা শুরু হবে। পরে যশোর, খুলনা, বরিশাল ও কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু হবে।
তাসবিরুল আহমদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়েই তারা যাত্রা শুরু করেছেন। নিজেদের আন্তর্জাতিক লাইসেন্স আছে জানিয়ে তিনি বলেন, এ মাসের শেষে আরও একটি উড়োজাহাজ আনা হবে। বছরের শেষের দিকে আসবে আরও দুটি জাহাজ।
ডিসেম্বর মাস থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তাসবিরুল আহমদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩১ ঘ.
bdnews24