২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে ইলিশের দাম: মৎস্য উপদেষ্টা

দু'সপ্তাহের মধ্যে দেশের বাজারে ইলিশের সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম। তিনি বলেছেন, কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে নয়, বরং দেশের মানুষের কাছে সহজলভ্য করতেই সরকার ছয় মাসের জন্য ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দু'সপ্তাহের মধ্যে দেশের বাজারে ইলিশের সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম। তিনি বলেছেন, কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে নয়, বরং দেশের মানুষের কাছে সহজলভ্য করতেই সরকার ছয় মাসের জন্য ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছে। সোমবার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইলিশের রপ্তানি আবার শুরুর অনুমতি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের চাপের কথা অস্বীকার করেন উপদেষ্টা। তিনি বলেন, "চলতি বছরের প্রথম তিনমাসে জাটকা নিধন বন্ধ করতে অভিযান পরিচালনার ফলে ইলিশের সরবরাহ বেড়েছে ও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে কমদামে বিভিন্ন দেশে রপ্তানি করার কারণে এতদিন ইলিশ ছিল মধ্যবিত্তদের নাগালের বাইরে। এ অবস্থা থেকে উত্তোরণ এবং দেশীয় পুষ্টির চাহিদা পূরণে সরকার ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থাকলে সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিতে পারে বলেও জানান মৎস্য উপদেষ্টা। ইলিশ রপ্তানি বন্ধ করায় ভারত বাংলাদেশে চাল রপ্তানি না করার হুমকি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন বলেন, এটা কোনো নির্দিষ্ট দেশের জন্য বন্ধ করা হয়নি। বাংলাদেশে অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি পদক্ষেপের পরও ইলিশের দাম কমছে না কেন- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ীর গলাচেপে দাম কমানো সম্ভব নয়। মন্ত্রণালয় এ রকম কোনো কাজ করবেও না। তবে বাজার পর্যবেক্ষণ, ইলিশ সরবরাহ বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।" ল্যান্ডিং স্টেশন উন্নয়ন, পাইকারি বাজার উন্নয়ন, নতুন বাজার স্থাপনসহ কিছু পদক্ষেপের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, "রপ্তানি বন্ধ হলেই রাতারাতি দাম কমবে না। তবে এসব পদক্ষেপের কারণে সপ্তাহ দুয়েকের মধ্যে দাম নাগালের মধ্যে চলে আসবে।" সংবাদ সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নজরুল ইসলাম অধিদপ্তরের পক্ষ থেকে করা বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে জানান, ইলিশ রপ্তানি বন্ধের আগে এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ছিল গড়ে ৫০০ টাকা কেজি, তা এখন ৩৭৫ টাকায় নেমে এসেছে। একইভাবে আধা কেজি থেকে এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ৪০০ থেকে ৩০০ টাকায় নেমে এসেছে। এর চেয়ে ছোট আকৃতির ইলিশের দামও কমেছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচএস/এসএনডি/১৬৫৩ ঘ.