বরিশাল, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পানি ও আবাসন সঙ্কট সমাধানের দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের (হিন্দু হোস্টেল) শিক্ষার্থীরা রোববার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এক পর্যায়ে অধ্যক্ষের বাসভবন প্রায় আধঘণ্টা ঘেরাও করে রাখে তারা।
পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কবি জীবনানন্দ দাশ হলের আবাসিক ছাত্র নিখিল চন্দ্র শীল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই হলে পানি ও আবাসন সঙ্কট চলছে। ছাত্ররা বিষয়টি হোস্টেল সুপার সুমন্ত কুমার হালদারকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ কারণে বিক্ষুব্ধ ছাত্ররা রোববার রাত ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, বিক্ষোভরত ছাত্ররা কলেজের অডিটোরিয়ামে ভাঙচুর করে। এক পর্যায়ে অডিটরিয়াম সংলগ্ন অধ্যক্ষের বাসভবন প্রায় আধঘণ্টা ঘোরাও করে রাখে তারা। তবে অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কমাল উদ্দিন কলেজের কাজে এসময় ঢাকায় অবস্থান করছিলেন।
কোতয়ালী মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা মোহম্মদ খোরশেদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভের খবর পেয়ে সহকারী কমিশনার (এসি) হায়াতুল ইসলাম রোববার রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পানির সমস্যার কথা স্বীকার করে হোস্টেল সুপার সুমন্ত কুমার হালদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে ছাত্ররা আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। সে অনুযায়ী আমি সিটি করপোরেশনকে বিষয়টি জানিয়েছি। কিন্ত ছাত্ররা আমাকে সময় না দিয়ে ক্যাম্পাসে এই অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করলো।"
এদিকে অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কমাল উদ্দিন সোমবার দুপুরে কলেজে ফিরে তিন সদস্যের একটি কমিটি করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক কলেজের সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান একেএম মজিবর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24